চোট থেকে ফিরে নেইমারের  জোড়া গোল

Oct 9, 2026 - 15:31
 0  1
চোট থেকে ফিরে নেইমারের  জোড়া গোল
ছবি: সংগৃহীত

ডান পায়ের ঊরুর চোটে পড়েছিলেন গত ২ সেপ্টেম্বর। তারপর আজ সকালেই প্রথম মাঠে নেমেছিলেন নেইমার। ম্যাচ ফিটনেস নিয়ে সন্দেহ থাকায় সান্তোসের প্রথম একাদশে সুযোগ মেলেনি। দ্বিতীয়ার্ধে শুরুতে ফিলিপে কুতিনিওর বদলি হিসেবে নামেন মাঠে। ফ্ল্যামেঙ্গো তখন ম্যাচে ২-০ গোলে এগিয়ে।

কিন্তু শেষ বাঁশি বাজার পর স্কোরলাইন ২-২। ম্যাচের ৮২ এবং ৮৮ মিনিটে পেনাল্টি থেকে দুটি গোল করেন নেইমার। সান্তোসের ঘরের মাঠে ভিলা বেলমিরোয় ব্রাজিলিয়ান সিরি আ-র ম্যাচে শেষ পর্যন্ত পয়েন্ট ভাগেই সন্তুষ্ট থাকতে হয় ফ্ল্যামেঙ্গোকে। তাতে দুই দলেরই জয়রথ থামল। সান্তোস এর আগে জিতেছে টানা সাত ম্যাচ, ফ্ল্যামেঙ্গো টানা পাঁচ।

৪৩ মিনিটে দানিলো এবং প্রথমার্ধে যোগ করা সময়ে লুকাস পাকেতার গোলে এগিয়ে যায় ফ্ল্যামেঙ্গো। গোল পেতে মরিয়া সান্তোস কোচ কুকা দ্বিতীয়ার্ধের শুরুতে নেইমারকে মাঠে নামালেও সান্তোস গোলের তেমন একটা সুযোগ তৈরি করতে পারেনি। শেষ পর্যন্ত ফ্ল্যামেঙ্গোর ডিফেন্সিভ মিডফিল্ডার জর্জিনিও নিজেদের বক্সে হ্যান্ডবল করলে ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। লাল কার্ড দেখেন জর্জিনিও।

নেইমার পেনাল্টিতে গোল করার আগপর্যন্ত ভিএআরের রিভিউয়ে সময় লেগেছে ৯ মিনিট ৫৬ সেকেন্ড। ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে ২০১৯ সাল থেকে ভিএআর ব্যবহার চালুর পর এটাই সবচেয়ে দীর্ঘ সময় খেলা বন্ধ রাখার রেকর্ড।

একজন খেলোয়াড় বেশি নিয়ে খেলার সুবিধাটা তাৎক্ষণিকভাবেই পায় সান্তোস। টানা আক্রমণের পথে দ্বিতীয় গোল পেয়ে যায় প্রথম গোলের চার মিনিট পরই। সান্তোস ফরোয়ার্ড গ্যাব্রিয়েল বারবোসাকে বক্সে ফাউল করেন ফ্ল্যামেঙ্গো উইঙ্গার লুইস আরাউহো। তাতে আবারও পেনাল্টি হজম করতে হয় ফ্ল্যামেঙ্গোকে এবং নেইমার গোল করে ম্যাচে সমতায় ফেরান সান্তোসকে।

তার আগে নেইমার ছিলেন নেইমারের মতোই। ফ্ল্যামেঙ্গো মিডফিল্ডার লুকাস পাকেতার সঙ্গে বাদানুবাদে জড়ান। মাঠে নামার ১০ মিনিট পর রেফারির সঙ্গে বাদানুবাদে জড়িয়েও হলুদ কার্ড দেখেন। তবে খেলায় ডান পায়ের ব্যবহারে ভীষণ সতর্ক ছিলেন সাবেক ব্রাজিল ফরোয়ার্ড। ডান পায়ে কর্নার এবং ফ্রি–কিক নেননি। বাঁ পায়ে নেন ফ্রি–কিক। যদিও পেনাল্টি শট নিয়েছেন ডান পায়ে। ম্যাচ শেষে এ নিয়ে নেইমার বলেন, ‘চোট থেকে ফেরায় (ডান পায়ে) দূরপাল্লার পাস দেওয়ার ঝুঁকি নিতে চাইনি।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

খেলাধুলা ভিশন: বাংলা ভাষায় খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, ক্রীড়া নীতি, খেলোয়াড় উন্নয়ন এবং যুব নেতৃত্ব বিষয়ে সবচেয়ে নির্ভরযোগ্য Sports Intelligence Platform হওয়া; যা ক্রীড়াপ্রেমী, খেলোয়াড়, কোচ, গবেষক, নীতিনির্ধারক এবং তরুণ প্রজন্মের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: দেশীয় ও আন্তর্জাতিক খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, খেলোয়াড় উন্নয়ন, ক্রীড়া ব্যবস্থাপনা এবং যুব নেতৃত্বকে তথ্যভিত্তিক সাংবাদিকতা, গবেষণা, বিশ্লেষণ এবং অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে উপস্থাপন করা; যাতে একটি সুস্থ, দক্ষ ও প্রতিযোগিতামূলক ক্রীড়া সংস্কৃতি গড়ে ওঠে।